Somoy TV
মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছেন এক সেনা কর্মকর্তা। এতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে এই দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন। ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও পড়ুন: মালদ্বীপ প্রবাসী লিটন হত্যার দায়ে স্থানীয় একজনের যাবজ্জীবন কারাদণ্ড এসময় গাড়িতে থাকা ২০ বছর বয়সি এক বাংলাদেশি নারী ও ৪১ বছর বয়সি ই-হেইলিং চালক গুরুতর আহত হন, যাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সি এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্তি মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের পুলিশি তদন্তে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
Go to News Site