Jagonews24
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)। শাহবাগ থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে গ্রেফতাররা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা হয়। পরে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বাড্ডা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এ সময় তাদের হেফাজত থেকে ৪টি মিনি ট্রাক ভর্তি নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে জানিয়ে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এএমএ
Go to News Site