Jagonews24
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্নের পথে আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা নেই। মা ও এক ভাইকে নিয়ে তার সংসার চলে টিউশনির উপার্জনে। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি এলাকায় একটি ছোট ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন। সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী জানান, এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তিনি ছোট পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারকে স্থিতিশীল আয়ের ব্যবস্থা করে দিতে চান। এ বিষয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেন তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়। ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে। টিএইচকিউ/এমকেআর
Go to News Site