Somoy TV
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন মোস্তাফিজুর রহমান। নাহিদ রানা এখনও এনওসি না পেলেও ক্রিকেট অপারেশন্সের দিক থেকে তাকে পিএসএলে পাঠাতে কোনো আপত্তি নেই। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে এখন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ওপর। বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন।সূত্র জানিয়েছে, ন্যাশনাল ডিউটি বাদে পিএসএলের পুরো আসরের জন্য এনওসি দেওয়া আছে মোস্তাফিজকে। যেহেতু সিরিজের প্রথম ম্যাচের আগে তার হাঁটুর ইনজুরি দেখা দেয় এবং ওই চোটের কারণে সতর্কতামূলকভাবে প্রথম দুটো ম্যাচে খেলানো হয়নি; তাই ফিটনেস বিবেচনায় তাকে না পাঠানোর সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে সেই আশঙ্কা খুব একটা নেই। সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন মোস্তাফিজ। ফিটনেস নিয়েও নেই কোনো জটিলতা। টি-টোয়েন্টি সিরিজে তরুণ পেসারদের ঝালিয়ে দেখতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তাই ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচ শেষেই পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবন মোস্তাফিজ। এদিকে, নাহিদ রানা এখনও এনওসির জন্য বিসিবিতে আবেদন জমা দেননি। কিন্তু মোস্তাফিজের মতো তাকেও যেহেতু টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকেও এনওসি দিতে ক্রিকেট অপারেশন্সের দিক থেকে কোনো জটিলতা নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। আরও পড়ুন: যে কারণে বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো জটিলতা না থাকলে আজ রাতে অথবা আগামীকালই দেশ ছাড়তে পারেন মোস্তাফিজ এবং রানা। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকায় রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং শরিফুল ইসলামের পিএসএলের চলতি আসরে খেলার আর সম্ভাবনা নেই। পিএসএলের চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আসরে দলটির পেস আক্রমণে ভরসা হয়ে উঠেছেন টাইগার তারকা। পাঁচ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বল হাতে ছিলেন বেশ কিপটেও। পিএসএলে লাহোরের দলে মোস্তাফিজের ফেরা দলটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছেন শাহিন আফ্রিদির দল। শেষ দুই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। তাই মোস্তাফিজের ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে দলটিও। আরও পড়ুন: স্মিথের সেঞ্চুরির জবাবে উসমানের রেকর্ড গড়া সেঞ্চুরি, হায়দরাবাদের জয় অন্যদিকে, নাহিদের দল পেশোয়ার জালমি আছে বেশ ছন্দে। ৯ ম্যাচ খেলে ৮টিতে জয় নিয়ে ইতোমধ্যে প্লে অফে উঠে গেছে তারা। ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে দলটির অন্যতম সেরা পেসার নাহিদ। তাই শেষ চারে নাহিদকে নিঃসন্দেহে পেতে চাইবে দলটি।
Go to News Site