Jagonews24
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এদিকে সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এসব তথ্য জানান। নজরুল ইসলাম খান বলেন, এতদিন আমরা দাবি জানিয়ে এসেছি কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট। বিএনপি সরকার গঠন করেছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী কৃষকদের কৃষক কার্ড দিয়েছেন। তারপরও শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের দাবি বহাল থাকবে। প্রস্তুতিসভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন করির খান ও ফিরোজ মোল্লা এবং শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। আসন্ন সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেএইচ/এএমএ
Go to News Site