Collector
হঠাৎ ইনজুরিতে এস্তেভাও, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা | Collector
হঠাৎ ইনজুরিতে এস্তেভাও, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা
Jagonews24

হঠাৎ ইনজুরিতে এস্তেভাও, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

ইনজুরির কারণে নেইমার বিশ্বকাপের দলে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে তুমুল অনিশ্চয়তা। এমনকি মনে করে হচ্ছে, কার্লো আনচেলত্তি নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল সাজাতে যাচ্ছেন। শুধু নেইমারই নন, ইনজুরির কারণে অনেক আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর। ইনজুরি শঙ্কার মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনা তারকা রাফিনহা। এবার আরও একটি বড় ধাক্কা খেলো ব্রাজিল। চেলসি তারকা এস্তেভাও পড়েছেন ইনজুরিতে। তরুণ এই তারকার চোটের কারণে বড় দুশ্চিন্তায় পড়েছে চেলসি ও ব্রাজিল জাতীয় ফুটবল দল। ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানের হ্যামস্ট্রিং ইনজুরিটা শুরুতে যতটা হালকা মনে হয়েছিল। কিন্তু স্ক্যান রিপোর্টে তা আরও গুরুতর বলে ধরা পড়েছে। ফলে তার পুরো মৌসুম, এমনকি আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেই ইনজুরিতে পড়েন এস্তেভাও। প্রথমার্ধের বিরতিতে চোখে জল নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে, যা পরিস্থিতির গুরুত্বই বুঝিয়ে দেয়। ম্যাচটিতে ১-০ ব্যবধানে হেরে যায় চেলসি। সোমবার করা স্ক্যান রিপোর্টের পর জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে সময় লাগতে পারে বেশ কিছুদিন। ফলে চলতি মৌসুমে তার আর মাঠে নামা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন তো তিনি! ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ভেতরে আলোচনা চলছে- ১৮ বছর বয়সী এই প্রতিভাবান ফরোয়ার্ডকে দলে রাখা হবে কি না। ধারণা করা হচ্ছে, তাকে স্কোয়াডে রাখা হলেও নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়া সম্ভব কি না, সেটিই এখন বড় বিবেচনার বিষয়। এই মৌসুমে চেলসির হয়ে এস্তেভাও খেলেছেন ৩৬ ম্যাচ। করেছেন ৮টি গোল এবং দিয়েছেন ৩টি অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতেও দারুণ সম্ভাবনা দেখিয়েছেন- ১১ ম্যাচে করেছেন ৫ গোল। চেলসির সামনে এখন গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে। আগামী ২৬ এপ্রিল লিডস ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ম্যাচ রয়েছে। তবে সেখানে এস্তেভাওয়ের খেলা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ওই ম্যাচে তরুণ এই ফরোয়ার্ডকে দেখা যাবে কি না, তা এখন সময়ই বলে দেবে। পালমেইরাস থেকে এই মৌসুমে চেলসিতে যোগ দেওয়া এস্তেভাও দ্রুতই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে নজর কাড়েন। কিন্তু হঠাৎ এই চোট তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে- এখন অপেক্ষা কেবল তার দ্রুত সুস্থ হয়ে ফেরার। আইএইচএস/

Go to News Site