Collector
গরু ব্যবসায়ীদের হামলায় আহত সেই ছাত্রদল নেতা হৃদয় মারা গেছেন | Collector
গরু ব্যবসায়ীদের হামলায় আহত সেই ছাত্রদল নেতা হৃদয় মারা গেছেন
Somoy TV

গরু ব্যবসায়ীদের হামলায় আহত সেই ছাত্রদল নেতা হৃদয় মারা গেছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে অবৈধ পথে আসা গরু ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।হৃদয় মীরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এদিকে ছাত্রদল নেতা মারা যাওয়ার খবরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কয়লা এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। স্থানীয়রা জানান, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে অবৈধভাবে আসা একটি গরুবাহী ট্রাক আটক করে স্থানীয়রা। গরুগুলো বদ্ধভবানী এলাকার বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের বলে জানা যায়। পরে শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা হয়। প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুর ২ টায় শাহরিয়ার আহমেদ হৃদয়ের মৃত্যু হয়। এর আগে বুধবার (২২ এপ্রিল) নিহত ছাত্রদল নেতার বাবা আব্দুল আলিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন।   ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়ের বাবা আব্দুল আলিম বলেন, অবৈধ গরু ব্যবসায়ী টিপু ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ‘নিহত শাহরিয়ার আহমেদ হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নির্মম সন্ত্রাসী হামলায় আমার দুঃসময়ের রাজপথের সহযোদ্ধাকে হারালাম। জোরারগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’ আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি ঘিরে উত্তেজনা এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ছাত্রদল নেতার মৃত্যুর খবরে কয়লা এলাকায় কিছু লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

Go to News Site