Somoy TV
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত আগের বছরের (২০২৫ সালের) প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ায় চরম ভোগান্তিতে পড়ার পাশাপাশি ফলাফল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওই শিক্ষার্থী।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর নাম লামিয়া আক্তার। তিনি উপজেলার কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং তার রোল নম্বর ২২২৩৪২। পরীক্ষার্থী লামিয়া আক্তার জানান, এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পর তাকে একটি প্রশ্নপত্র দেয়া হয়। এতে ৩০ মিনিটের নির্ধারিত সময়ের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যায়। এরপর তিনি দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনার সময় লামিয়া জানতে পারেন, সবার কাছেই প্রশ্নপত্রটি অত্যন্ত কঠিন মনে হয়েছে। কিন্তু তিনি নিজের পরীক্ষা ভালো হয়েছে বলে জানালে অন্যদের সন্দেহের সৃষ্টি হয়। পরে সহপাঠীদের প্রশ্নপত্রের সঙ্গে নিজের প্রশ্ন মিলিয়ে দেখতে গিয়ে তিনি বিস্মিত হন। তখন তিনি বুঝতে পারেন, তাকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়া হয়েছে। আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা এ বিষয়ে কেন্দ্র সচিব আমিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কেন্দ্রের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম মেনেই যথাযথভাবে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। পরীক্ষার সার্বিক কার্যক্রমও সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি এখনও আমার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনাদের কাছে জানতে পারলাম। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Go to News Site