Somoy TV
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি বাড়ির দরজাসহ আঙিনায় তিনটি বোমা সাদৃশ্য বস্তু বেঁধে রাখার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। ডাকা হয়েছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলকে।ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে দুই বোন সাজেদা ও মাজিদার বাড়িতে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হতে গেলে দরজায় বাধা অবস্থায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান তারা। এ সময় ভয়ে তারা বাইরে বের হতে পারেননি এবং বিষয়টি স্থানীয়দের জানান। আরও পড়ুন: মেহেরপুরে বিএনপি কর্মীকে গুলি, লুটিয়ে পড়তেই বোমা নিক্ষেপ ভুক্তভোগীদের দাবি, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এরপর থেকেই তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাঝে মধ্যে কে বা কারা বাড়ির ভেতরে বাজি সাদৃশ্য বস্তু রেখে যায় বলেও অভিযোগ করেন তারা। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী (বোম্ব ডিসপোজাল) ইউনিটকে খবর দেয়া হয়েছে। আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে হাতবোমা ও ভারতীয় মদ উদ্ধার, আটক ১ এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
Go to News Site