Somoy TV
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে জায়গা দেয়ার প্রস্তাবকে ‘অনুপযুক্ত’ বলে সরাসরি নাকচ করে দিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মতো আসরে জায়গা পাওয়ার একমাত্র পথ মাঠের পারফরম্যান্স—কোনো রাজনৈতিক সুপারিশ নয়।বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন, প্লে-অফে বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালিকে দ্রুত বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হোক। তার যুক্তি ছিল, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ‘ঐতিহ্য’ তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট কারণ হতে পারে।তবে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আবোদি। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '২০২৬ বিশ্বকাপে ইতালির সম্ভাব্য পুনরায় যোগ্যতা অর্জনের বিষয়টি প্রথমত সম্ভব নয়, দ্বিতীয়ত উপযুক্তও নয়। কোনটি আগে আসে, জানি না। যোগ্যতা অর্জন করতে হয় মাঠে।'অন্যদিকে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের দুটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা লস এঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। যদিও ম্যাচগুলো সহ-আয়োজক মেক্সিকোতে সরিয়ে নেয়ার আলোচনা হয়েছিল, সেটি বাস্তবায়নের সম্ভাবনা খুব কম।আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান ইরান এখনো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো অনুরোধ করেনি। গত মাসে ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, 'ইরান বিশ্বকাপে থাকবে।'যদি কোনো কারণে ইরানের অবস্থান বদলাতেও হয়, তবুও ইতালিকে নেয়ার যৌক্তিকতা নেই বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এশিয়ার পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হচ্ছে।
Go to News Site