Somoy TV
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে রাজধানীবাসীর নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে আজও দিনের বেলায় তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশ এলাকায় দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন: বুক ভরে শ্বাস নিতে এসে নাভিশ্বাস, হাতিরঝিল যেন মশা উৎপাদনের প্রকল্প এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুরম রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অপরদিকে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। এমন পরিস্থিতিতে তিন জেলার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
Go to News Site