Somoy TV
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি এবং কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কার কাজের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর এই দ্বিতীয় সাবপ্রোগ্রামের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে আরও শক্তিশালী করা। এর মাধ্যমে দেশের মানুষের ঝুঁকি, বঞ্চনা এবং দারিদ্র্যের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এডিবি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, “একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে বাংলাদেশের অগ্রযাত্রায় এই কর্মসূচিটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”এই কর্মসূচির মাধ্যমে প্রবর্তিত সংস্কারগুলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সুরক্ষার আওতায় আনবে এবং অংশীদারিত্বমূলক সুরক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে। আরও পড়ুন: আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকারহো ইউন জং আরও বলেন, “একটি দক্ষ এবং অভিযোজনক্ষম ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের অংশীদার হতে পেরে এডিবি গর্বিত।”এই কর্মসূচির আওতায় গৃহীত সংস্কারগুলোর মধ্যে রয়েছে অংশীদারিত্বমূলক সামাজিক সুরক্ষা প্রকল্প উন্নয়ন, যা দীর্ঘমেয়াদে সরকারের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বিধবা ভাতা কর্মসূচির আওতায় অতিরিক্ত অন্তত ২ লাখ ৫০ হাজার সুবিধাবঞ্চিত নারীকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, একটি মূল কর্মসংস্থান কর্মসূচির অধীনে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করা হবে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।
Go to News Site