Collector
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১ | Collector
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১
Jagonews24

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নোয়াখালীর সাগর (২০), আবদুল হক (৩২), দীপু (২৫), অনিক (১৭), আরমান (১৮), নজরুল ইসলাম (১৮), সুমন (১৬), রিপন (২৮), তানভীর (১৭), রাসেল (২৭), রুহি (১০), ওহি (১৪), রুবেল (৪৭), সালাউদ্দিন (২৫), নিশাদ (১৯), রিয়াদ (২১), মামুন (১৩), শহীদুল ইসলাম (৩৬), মোস্তাফিজ (২২), আবদুল মোতালেব (২৭) ও সাইফ (২০)। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘হিমাচল\' পরিবহনের পর্যটকবাহী এক বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে ‘এভারগ্রিন’ পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে আসছিল। ইন্দ্রপুল গোলচত্বরে পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। আরও পড়ুনবেওয়ারিশ কুকুরের উপদ্রব, ৬ মাসে ভ্যাকসিন নিলেন সাড়ে ৬ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে বন্ধ সব রুটের বাস  দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৃষ্ণা সরকার জানান, আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. সুমন (১৬) ও কুমিল্লার সালাউদ্দিন (২৫) নামে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে আসা বাসটির চালক এ সড়কে নতুন ছিলেন। গোলচত্বরের দিকনির্দেশনা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআরএএইচ/কেএসআর

Go to News Site