Somoy TV
মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবগুলোর নজর কেড়ে নিয়েছে ভাসিলিয়ে কস্তোভ। সার্বিয়ার ঐতিহ্যবাহী ক্লাব রেড স্টার বেলগ্রেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।শৈশব থেকেই প্রতিভার ঝলক দেখানো কস্তোভ মাত্র সাত বছর বয়সে যোগ দেয় রেড স্টারের একাডেমিতে। এর আগে স্থানীয় একাডেমি এসএফ রয়্যাল এফসিতে তার ফুটবল যাত্রা শুরু। বয়সভিত্তিক পর্যায়ে দ্রুত উন্নতি করে এ ফুটবলার একে একে পেরিয়েছে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। ২০২৩-২৪ মৌসুমে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৫ বছর বয়সেই ২০টির বেশি গোল অবদান রাখে কস্তোভ। পরের মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলে খেলেও একই ধারাবাহিকতা ধরে রাখে এবং সেখান থেকেই জায়গা করে নেয় মূল দলে। গত মৌসুমে তার সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে পার্টিজানের বিপক্ষে ‘ইটার্নাল ডার্বি’তে। প্রথমে ঘরের মাঠে দুর্দান্ত এক গোল এবং পরে অ্যাওয়ে ম্যাচে স্টপেজ টাইমে জয়সূচক গোল করে আলোচনায় আসে কস্তোভ। সেই ম্যাচের পরই তার নাম ছড়িয়ে পড়ে ইউরোপজুড়ে। আরও পড়ুন: মেসির কারণে টিকিটের মূল্য বেড়েছে ১৪০০ শতাংশ ২০২৫ সালের শুরুতে মূল দলে অন্তর্ভুক্ত হলেও নিয়মিত সুযোগ পায়নি শুরুতে। তবে চলতি মৌসুমে দৃশ্যপট বদলে যায়। প্রি-সিজন থেকেই মূল দলের সঙ্গে অনুশীলন করে এখন কস্তোভ রেড স্টারের স্থায়ী সদস্য। ইউরোপা লিগে অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়ে এই তরুণ। এরপর দ্রুতই জাতীয় দলে অভিষেক ও নতুন চুক্তি; সব মিলিয়ে দারুণ এক সময় পার করে কস্তোভ। কোচিং স্টাফ পরিবর্তনের পর তাকে আরও বেশি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা হয়, আর সেখানেই নিজের সেরাটা দেখিয়েছে কস্তোভ। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ছয় ম্যাচে ছয় গোল ও দুই অ্যাসিস্ট করে এ তরুণ হয়ে ওঠেন দলের মূল ভরসা। পার্টিজানের বিপক্ষে আবারও গোল করে কস্তোভ হয়ে যায় ডার্বির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। আরও পড়ুন: মৌসুম শেষ ইয়ামালের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা ২১, যা বয়সের তুলনায় প্রায় অবিশ্বাস্য এক অর্জন। তার এই পারফরম্যান্সে এখন নজর রাখছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ইংলিশ ক্লাব আর্সেনাল, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং জার্মানির বায়ার্ন মিউনিখসহ একাধিক বড় ক্লাব তাকে পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।মাত্র ১৭ বছরেই কস্তোভ এখন সার্বিয়ান ফুটবলের নতুন বিস্ময়, যার ভবিষ্যৎ নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে বড় প্রত্যাশার আলোচনা।
Go to News Site