Jagonews24
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। জানা গেছে, পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষুব্ধরা দুটি মোটরসাইকেলে আগুন দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম
Go to News Site