Somoy TV
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুটি সংগঠনের দীর্ঘদিনের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একে অপরকে ‘ভুয়া’ সংগঠন এবং শ্রমিক কল্যাণের নামে চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে সংগঠন দুটি। এর জেরে শুক্রবার সকাল থেকে মোটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা যখন আলোচনা সভায় বসেছিলেন, তখন পাম্পের সামনে মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। মোটর শ্রমিকদের দাবি, প্রতিপক্ষ সংগঠনের লোকজন এই হামলা চালিয়েছে।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, 'আমরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সময় ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলামের নেতৃত্বে ককটেল হামলা চালানো হয়েছে। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।'আরও পড়ুন: পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণঅভিযোগের বিষয়ে কথা বলতে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, রাতে পাম্পের সামনে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Go to News Site