Somoy TV
গাজীপুর মহানগরীর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকার শালবনের গহীন জঙ্গল থেকে অপহৃত চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে কোনো মুক্তিপণ ছাড়াই অপহৃতদের ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে যে একদল অপহরণকারী চার ব্যক্তিকে একটি প্রাইভেটকারসহ অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। সংবাদের পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস দল শালবনের ভেতরে ত্রি-মুখী অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে জঙ্গলের ভেতরে অপহৃতদের বহনকারী প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং গ্রেপ্তারের ভয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের চারজনকেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে আসে।আরও পড়ুন: বান্দরবানে আবারও ৬ রাবার শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরাসদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের জবানবন্দি ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।
Go to News Site