Somoy TV
পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট কানের ভেতর লুকিয়েছিলেন এক তরুণ। সেই ইয়াবা নিয়ে ৯ দিন কাটানোর পর অসহ্য যন্ত্রণায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয়েছে তাঁকে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণের কান থেকে দুটি ইয়াবা ট্যাবলেট বের করা হয়।ওই তরুণের নাম নিরব ইসলাম (১৯)। পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন করেন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক আসাদুজ্জামান রাজিব।পারিবারিক সূত্রে জানা গেছে, মাদকাসক্তি থেকে ফেরাতে নিরবকে গত বুধবার (২২ এপ্রিল) পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। সেখানে ভর্তির পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। পরে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়।চিকিৎসক আসাদুজ্জামান রাজিব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, নিরবের কানের ভেতরে দুটি ট্যাবলেট আটকে আছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়।নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে পকেটে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি জানতে পারেন সামনে পুলিশ তল্লাশি করছে। ভয়ে হাতবদল করার সুযোগ না পেয়ে দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতরে ঢুকিয়ে ফেলেন। পরে বাড়িতে গিয়ে কয়েকবার চেষ্টা করেও সেগুলো বের করতে পারেননি। বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু কানে ব্যথা বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।আরও পড়ুন: জামালপুরে ৩৬০০ ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা আটকমাদক নিরাময় কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, নিরবকে ভর্তি করার পর থেকেই তার কান দিয়ে পানি পড়ছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে এই অবাক করা বিষয়টি ধরা পড়ে।চিকিৎসক আসাদুজ্জামান রাজিব বলেন, রোগীকে পরীক্ষা করে কানের ভেতরে ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কানের ভেতরে ভিনদেশি কোনো বস্তু এভাবে দীর্ঘদিন থাকলে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
Go to News Site