Jagonews24
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, আওতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য হলো প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করে ঝুঁকিপূর্ণতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো। কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিসর সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিবে। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, বিশেষ করে নারীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আওতা বাড়ানো এবং অবদানভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সুষম সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম, দক্ষ ও অভিযোজনযোগ্য একটি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে এডিবি গর্বিত। এই কর্মসূচির আওতায় অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে, যা দীর্ঘমেয়াদে রাজস্বের ওপর চাপ কমাতে সহায়ক হবে। বিধবা ভাতা কর্মসূচির আওতা বাড়িয়ে অতিরিক্ত কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ঝুঁকিপূর্ণ নারীকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, জলবায়ু সহনশীল উদ্যোগের মাধ্যমে একটি মূল কর্মসংস্থানভিত্তিক কর্মসূচির আওতায় অভিযোজনযোগ্য সামাজিক সুরক্ষা আরও জোরদার করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার কমপক্ষে ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। এই কর্মসূচির উদ্যোগগুলো ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়ানো এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। আইএইচও/এনএইচআর
Go to News Site