Collector
সালিশি বৈঠকে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত | Collector
সালিশি বৈঠকে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
Somoy TV

সালিশি বৈঠকে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম এবং তার ছেলে অভিকে (২৮) ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। আরও পড়ুন: গণপিটুনিতে নিহত ২: গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য পুরো গ্রাম পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

Go to News Site