Somoy TV
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন ২৭ বছর বয়সি জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির।স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-ইউএসএফের পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছরের হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে হিলসবোরো কাউন্টি পুলিশ। পুলিশ জানিয়েছে, হিশাম জামিলের রুমমেট। তবে ইউএসএফের শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। হিলসবোরো কাউন্টি পুলিশের মুখপাত্র বলেন, নিখোঁজ থাকা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয় তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ২৬ বছর বয়সি হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছি। তদন্তে জানা গেছে যে, তিনি জামিলের রুমমেট ছিলেন, তবে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আমরা তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করেছি। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার পুলিশ আরও জানায়, জামিলের সাথে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সি অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনও হদিস মেলেনি। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে এফবিআই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ জামিলের মরদেহ উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠীরা। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনও সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারং বিষয়ে পিএইচডি করছেন। তাদের দুজনকে সবশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল।
Go to News Site