Jagonews24
ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর অবশেষে আবারও আকাশপথে স্বস্তির খবর এসেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে সীমিত পরিসরে পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কিছু দেশে ফ্লাইট চালু করা হচ্ছে, যার মধ্যে ঢাকাসহ মোট ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারলাইন্স। অন্যদিকে জাজিরা এয়ারলাইন্স ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে আপাতত ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে অন্যান্য দেশেও ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ শুক্রবার থেকে দেশটিতে খেলাধুলা, সভা-সেমিনার, বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ফলে জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। সরাসরি ফ্লাইট চালুর খবরে প্রবাসীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। বিশেষ করে যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে ছিলেন, নতুন ভিসাপ্রাপ্ত কিংবা ছুটিতে দেশে এসে আটকে পড়েছিলেন—তারা এখন সহজেই কর্মস্থলে ফিরতে পারবেন। ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দীর্ঘদিন স্থবির থাকা ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এমআরএম
Go to News Site