Jagonews24
নতুন জল্পনা তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে নিয়ে। যদিও তার ক্লাব এখন ব্যস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌঁড়ে। গত মৌসুমে লিভারপুল শিরোপা জেতায় খালি হাতে থাকতে হয় সিটিকে। তবে এবার উড়তে থাকা আর্সেনাল হোঁচট খাওয়ায় গার্দিওলার দল ৭০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে এবং শিরোপা ধরে রাখতে জয়ের ধারা বজায় রাখা জরুরি। এরইমধ্যে অবশ্য আলোচনা শুরু হয়ে গেছে গার্দিওলার ভবিষ্যত নিয়ে। সামনের দিনে ম্যানচেস্টার সিটির কোচ তিনি থাকছেন কিনা, এই নিয়ে চলছে আলোচনা। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, তিনি জাতীয় দলে কোচিং করার বিষয়ে আগ্রহী হতে পারেন। যে খবর বেরিয়েছে তা অনুযায়ী, ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলে সেটি বিবেচনা করতে পারেন গার্দিওলা। যদিও ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি, তবুও তিনি প্রস্তাব পেলে গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচনের পর নতুন কোচ খোঁজা শুরু করবে বলে জানা গেছে। টানা তিন বিশ্বকাপে জায়গা হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সাম্প্রতিক সময়টা খুবই কঠিন যাচ্ছে। বরখাস্ত হয়েছেন দলটির কোচ। এই অবস্থায় গার্দিওলার মতো অভিজ্ঞ কোচকে দলে আনা হলে ইতালি আবারও ইউরোপীয় ফুটবলের শীর্ষে ফিরতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। ইতালির টেকনিক্যাল কোচ লিওনার্দো বউঞ্চি গার্দিওলার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, ‘গার্দিওলাই এই কাজের জন্য সঠিক মানুষ’ এবং দলটির জন্য বড় ধরনের পরিবর্তন দরকার। আইএন
Go to News Site