Somoy TV
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন ২৭ বছর বয়সি জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে লিমনের সঙ্গে নিখোঁ হওয়া একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির হদিস মেলেনি।স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-ইউএসএফের পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের দফতর জানায়, শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহটি ২৭ বছর বয়সি জামিল লিমনের বলে নিশ্চিত করা হয়েছে। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। গত ১৭ এপ্রিল তারা নিখোঁজ হন। নিখোঁজের একদিন আগে তাদের দুজনকে আলাদাভাবে শেষবার দেখা গিয়েছিল। বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও পড়ুন: এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, লিমনের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার নাম শুধু হিশাম আবুঘরবেহ বলে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা এবং অনুমোদনহীনভাবে মরদেহ সরানো বা লুকানোর মতো অভিযোগ আনা হয়েছে। শেরিফের দফতরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, লিমন ও সন্দেহভাজন ব্যক্তি একই বাসায় রুমমেট হিসেবে থাকতেন। তবে বৃষ্টি ওই বাসায় থাকতেন না। শেরিফের দফতর জানিয়েছে, গ্রেফতার হিশামের বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, কারও মৃত্যু সংবাদ পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নাড়াচাড়া করা। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে বিএসসি কোর্সে পড়তেন, তবে বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি অ্যাপার্টমেন্টে লিমনের সাথে রুমমেট হিসেবে থাকতেন।এখনও পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি অভিযোগ স্বীকার বা অস্বীকার করেছেন কি না, তা স্পষ্ট নয়। শুক্রবার বিকেল পর্যন্ত তদন্তকারীরা তার সঙ্গে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তথ্যসূত্র: সিএনএন, পিপল ম্যাগাজিন
Go to News Site