Somoy TV
ইটের ওপর ইট, তার মাঝে ধুলোবালির ওড়াউড়ি–রাজধানীর চিরচেনা এই রূপ আজ যেন আরও ধূসর। ছুটির আমেজ ফুরিয়ে কর্মব্যস্ততা শুরু হতেই ঢাকার আকাশে জেঁকে বসেছে দূষিত বাতাসের ভার।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় আজ সকালেও শীর্ষ দশে অবস্থান করছে ঢাকা।শনিবার (২৫ এপ্রিল) সকালের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ষষ্ঠ। আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিংয়ে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১২২। বাতাসের এই মানকে সাধারণত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।আইকিউএয়ারের তথ্য বলছে, দূষণের তালিকায় আজ ৩২৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’। এরপরেই রয়েছে চীনের তিনটি শহর–চেংদু (১৬৩), বেইজিং (১৫৩) ও হাংঝু (১৫১)। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের (১৩৭) ঠিক পরেই অবস্থান করছে ঢাকা। আরও পড়ুন: বুক ভরে শ্বাস নিতে এসে নাভিশ্বাস, হাতিরঝিল যেন মশা উৎপাদনের প্রকল্পবিশ্লেষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র কণা পিএম ২.৫-এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। ২০২৫ ও ২০২৬ সালের ধারাবাহিক উপাত্ত বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকা ও লাহোরের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে।সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আজ ঢাকার স্কোর ১২২ হওয়ায় বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই বাতাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
Go to News Site