Somoy TV
সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে। ভিনদেশি এই বরকে একনজর দেখতে ওই তরুণীর বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা।রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই বিয়ের ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক। আরও পড়ুন: দেশি ছেলের বিদেশি বউ দেখতে উৎসুক জনতার ভিড় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভিনদেশি এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Go to News Site