Somoy TV
রাজধানীর হাতিরঝিলে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। শনিবার (২৫ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন।এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই রানের সূচনা হয় সকাল ছয়টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে। এতে ছিল ৭ দশমিক ৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক দৌড় এবং ২ কিলোমিটার ফান রান। বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।’ আরও পড়ুন: রেসলিং থেকে অবসর নিলেন লেসনার! প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ইমার প্রোপার্টিজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, ‘সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’ এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে এই আয়োজন তাদের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগে পরিণত হয়েছে।’ আগামীতে ঢাকার বাইরে, বিশেষ করে কক্সবাজারের মেরিন ড্রাইভে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন। ফলাফলে, ২ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে মহিবুর রহমান প্রথম, মো. আনিমুল হাসান দ্বিতীয় এবং এফ এ সেলিম তৃতীয় হন। মেয়েদের মধ্যে নূর-এ-সাবা প্রথম, সুবহানা মাহদিয়া সিদ্দিকী দ্বিতীয় এবং পারভিন মিতু তৃতীয় স্থান অর্জন করেন। আরও পড়ুন: উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে মো. এলাহী সরদার প্রথম, আশরাফুল আলম দ্বিতীয় এবং পলাশ শেখ তৃতীয় হন। মেয়েদের মধ্যে হামিদা আক্তার জেবা প্রথম, সাদিয়া শাওলিন সিগমা দ্বিতীয় এবং তেরেসা কচি তৃতীয় হন। দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পদক, বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট এবং র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়।
Go to News Site