Jagonews24
উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া বিজ্ঞপ্তি হিসেবে ছড়ানো হয়েছে। তবে, এমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা। তরিফুল নেওয়াজ কবির বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পাতে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫-এর উপরে ওঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা ১৯৭২ সালে। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না। আরও পড়ুনউচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি আজ শনিবার দুপুরে জানায়, উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ‘জরুরি বিজ্ঞপ্তি’ নামে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বলা হয়েছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নিচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই ঘরে কেউ যদি দম বন্ধ বোধ করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। দরজা খুলে রাখুন, যাতে বাতাস চলাচলে সুবিধা হয়। মোবাইলের ব্যবহার কম করুন, মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং মানুষকে জানান। যতটা সম্ভব ঠান্ডা পানীয়, যেমন দই, বাটার মিল্ক, আপেলের জুস ইত্যাদি ব্যবহার করুন।’ ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নাগরিক এবং বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে- ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি এবং আগামী দিনগুলিতে কিউমুলাস মেঘের উপস্থিতির কারণে বেশিরভাগ এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশের জন্য কিছু সতর্কতা রয়েছে। নিম্নলিখিত দ্রব্যাদি গাড়ি থেকে সরানো উচিত- ১। গ্যাস সামগ্রী ২। লাইটার ৩। কার্বনেটেড বেভারেজ ৪। সাধারণ পারফিউম এবং অ্যাপ্লায়েন্স ব্যাটারি ৫। গাড়ির জানালা সামান্য খোলা থাকা উচিত (বাতাস চলাচলে জন্য) ৬। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরাট করবেন না ৭। সন্ধ্যায় গাড়িতে জ্বালানি নিন ৮। গাড়িতে ভ্রমণ করা এড়িয়ে চলুন, বিশেষ করে সকালের দিকে।’ ভুয়া বার্তায় আরও বলা হয়, ‘বিচ্ছু এবং সাপ থেকে সাবধান থাকুন, কারণ তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসে শীতল জায়গার সন্ধানে পার্কে কিংবা বাড়িতে প্রবেশ করতে পারে। প্রচুর পানি এবং তরল পানীয় পান করুন, গ্যাস সিলিন্ডার রোদে না রাখা নিশ্চিত করুন, বিদ্যুতের মিটার ওভারলোড না করা নিশ্চিত করুন এবং এয়ার কন্ডিশনার শুধুমাত্র বাড়ির দখলকৃত জায়গায় ব্যবহার করুন, বিশেষ করে গরমের সময়। এবং দুই থেকে তিন ঘণ্টা পর পর ৩০ মিনিট বিশ্রাম দিন। বাইরে ৪৫°-৪৭° হলে বাড়িতে ২৪°-২৫°এ এসি রাখুন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যালোকের সরাসরি সংস্পর্শে আসা এড়িয়ে চলুন, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে।’ আরএএস/কেএসআর
Go to News Site