Jagonews24
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা গ্যাসের যে কমতি পেয়েছি, সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গত দুই মাসে নতুন করে কোনো সংকট তৈরি হয়নি। তিনি বলেন, সরকার এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং অচিরেই এর ইতিবাচক সমাধান দেখা যাবে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ডিজেলের যে মূল্য বৃদ্ধি হয়ে সেটা খুবই সামান্য। একটি ট্রাক ২০০ কিলোমিটার যাওয়ার জন্য প্রয়োজন হয় ৩০ লিটার তেল। একটি ট্রাক পরিবহন করে ১০ হাজার কেজি। এই ১০ হাজার কেজির জন্য ২০০ কিলোমিটারে ৪০ থেকে ৪৫ পয়সার বেশি খরচ বৃদ্ধি পায়নি। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ঘটবে সেই পরিমাণ বৃদ্ধি পায়নি। কেউ যদি বলে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে এই কথাটার প্রকৃত তথ্য উপস্থাপন করে কাউন্টার দেবেন। তিনি আরও বলেন, রপ্তানিতে মন্দাভাব গতকাল তৈরি হয়নি। বৈশ্বিক মন্দাভাব তৈরি হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে। গত দুই মাসের পরে সেটা আরেকটু বেড়েছে পরের কারণে। কারণ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রিত হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দিনে বেশি বেশি বিনিয়োগ আকৃষ্ট করবো, যাতে একটা জায়গায় এসে থমকে না যায়। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের গ্যাস সরবরাহ, ব্যবস্থাপনা, বিদ্যুতের পরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে শিল্প কারখানাগুলো চালু রাখার জন্য। গ্যাসের সরবরাহ আগে তুলনায় কমেছে, বাস্তবতা সেটা না। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার আগে যা ছিলো এখনও তাই আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির। মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এএসএম
Go to News Site