Somoy TV
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেলেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানা।দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির লেভেল–১ আচরণবিধির পৃথক দুটি ধারা ভাঙার কারণে এই শাস্তি দেওয়া হয়। ম্যাচে এটি ছিল তাদের গত ২৪ মাসে প্রথম অপরাধ, ফলে বাড়তি কোনো নিষেধাজ্ঞা আরোপ হয়নি। আরও পড়ুন: জ্যোতিকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে রুমানার বিতর্কিত পোস্ট ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর অতিরিক্ত উচ্ছ্বাসে ‘অ্যানিমেটেড সেলিব্রেশন’ করেন নাহিদা আক্তার। বিষয়টি স্পিরিট অব দ্য গেমের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৬তম ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার পর সারমিন সুলতানা মাঠ ছাড়তে দেরি করেন এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে ব্যাটের দিকে ইঙ্গিত করেন। এটিকে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসম্মান হিসেবে ধরা হয়। আরও পড়ুন: পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের দুই ঘটনাতেই অভিযোগ করেন অনফিল্ড আম্পায়ার ইলোইজ শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের সামনে দুজনই নিজেদের দোষ স্বীকার করেন এবং শাস্তি মেনে নেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
Go to News Site