Jagonews24
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী উচ্চ বিদ্যালয় চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিদ্যালয়ের এমন অব্যবস্থাপনার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পীরব ইউনিয়নের ওই বিদ্যালয়ে নতুন অ্যাকাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান ও প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এই চিত্র দেখতে পান। পরিদর্শনকালে দেখা যায়, বিদ্যালয় মাঠের বিভিন্ন স্থানে ময়লা ও পলিথিন পড়ে আছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নোংরা পরিবেশ দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না। এসময় প্রতিমন্ত্রী উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করার তাগিদ দেন তিনি। অ্যাকাডেমিক ভবনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পরিবেশগত মান রক্ষাও সমানভাবে নিশ্চিত করতে হবে। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এমএন/এমএস
Go to News Site