Somoy TV
নতুন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় সাত সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রয়েছেন। এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানান, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয়। এনসিপিও কমিটির অনুমোদন দিয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আরও পড়ুন: এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া রিফাত রশিদও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেয়ার আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন।
Go to News Site