Collector
গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রতি পদে বাধা দিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম | Collector
গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রতি পদে বাধা দিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম
Jagonews24

গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রতি পদে বাধা দিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রতিটি পদে বিএনপি বাধা দিয়েছিল বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জনগণের চাপে গণভোটে রাজি হলেও নির্বাচনের পর বিএনপি গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। কিন্তু তাদের জন্মই হয়েছিল গণভোটের মাধ্যমে। বিএনপি এখন তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করেছে। তারা প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগের পথে হাঁটছে। পুরোনো স্বৈরাচারের পথে তারা দেশকে এগিয়ে নিতে চাইলে জনগণ রুখে দাঁড়াবে। তরুণরা আবার রাস্তায় দাঁড়াতে বাধ্য হবে।’ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সে দাবি আদায় করে ছাড়বো।’ বাংলাদেশের ইতিহাসে মাত্র দুই মাসের মধ্যে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কি না সেই প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার দুই মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী ছয় মাসে তার পরিণতি কী হবে, তার অবস্থান কী হবে।’ বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এসব কার্ড দিতে দিতেই তাদের তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। কিন্তু বিএনপির মন্ত্রীরা সংসদে বলছেন, দেশে জ্বালানি সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছেন। অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতিকে অস্বীকার করছেন। বিরোধীদল সর্বাত্মক সহযোগিতা করতে চাইলেও সরকার সেই দরজা বন্ধ করে দিচ্ছে।’ সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘সরকার সুশাসন নিশ্চিত করতে পারছে না। তারা সামনে অনেক সমস্যায় পড়তে পারে। পেট্রোল-ডিজেলের কারণে দেশে দুর্ভিক্ষও হতে পারে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের ওপর ট্যাক্স তিন-চারগুণ বৃদ্ধি পাবে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এর প্রতিফলনও প্রত্যেকের জীবনে ঘটবে।’ দেশে শান্তি কীভাবে আসবে সে বিষয়ে সরকারকে চিন্তা-ভাবনা করতে পরামর্শ দিয়ে অলি আহমদ বলেন, ‘জাতীয় সমস্যা সমাধান করে সুশাসন প্রতিষ্ঠা কীভাবে করা যায়, সেই চিন্তা করতে হবে। তা না হলে ৬৪ জেলায় মিছিল হবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই।’ এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বিএনপি জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখার চেষ্টা করছে। তারা এখন গণভোটের রায় নিয়ে টালবাহানা করছে। বিএনপির রাজনীতি এখন সুবিধাবাদী ও দ্বিচারিতার নীতির ওপর প্রতিষ্ঠিত। দ্বিচারিতা করে তারা একবার গাঙ পার হতে পেরেছেন। ভবিষ্যতে তারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হবেন।’ আরএএস/একিউএফ

Go to News Site