Somoy TV
বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলাই এখন নিজের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একই সঙ্গে তার বোলিং অ্যাকশন আরও ধারাবাহিক করার দিকেও কাজ করছে টিম ম্যানেজমেন্ট।নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রিশাদকে না খেলানো হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন মুশতাক। তার মতে, এমন সময়ই একজন ক্রিকেটারকে মানসিকভাবে শক্ত হতে শেখায়। টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে মুশতাক বলেন, ‘কখনো কখনো বাইরে বসে থাকাও উন্নতির অংশ। তখন আপনার মানসিকতা কী, সেটাই আসল। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে মানসিক দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়ার পর রিশাদকে ঘিরে আলোচনা শুরু হয়। আগের ম্যাচগুলোতেও তাকে পুরোপুরি ব্যবহার করা হয়নি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার, পরের ম্যাচগুলোতেও পূর্ণ কোটা শেষ করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে করেন মাত্র ১৫ ওভার। তবে কয়েক মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ১২ উইকেট নিয়ে নিজেকে দলের প্রধান স্পিনার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এরপর হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নজর কাড়েন। আরও পড়ুন: মোস্তাফিজের-নাহিদের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড মুশতাকের মতে, রিশাদের উন্নতির মূল জায়গা ধারাবাহিকতা। তিনি বলেন, ‘আমরা চাই সে ভালো বল নয়, ভালো ওভার করুক। এজন্য রিপিটেবল অ্যাকশন খুব জরুরি।’ বিশেষ করে গুগলি আরও কার্যকর করতে কাজ করার পরামর্শ দিয়েছেন এই সাবেক পাকিস্তানি লেগ স্পিনার। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন অ্যাঙ্গেলে বল করতে হবে, ক্রিজ কীভাবে ব্যবহার করতে হবে, এসব নিয়েও কাজ চলছে। অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও ভ্যারিয়েশনের ওপর জোর দিয়েছেন মুশতাক। তিনি বলেন, ‘সে মিস্ট্রি স্পিনার নয়, তাই তাকে ভ্যারিয়েশন বাড়াতে হবে। বিশেষ করে ওয়েস্টার্ন ব্যাটসম্যানদের বিপক্ষে গতি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ।’ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে টম ল্যাথামকে আউট করার উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক ভ্যারিয়েশনই সাফল্যের চাবিকাঠি। আরও পড়ুন: বেঞ্চের শক্তি বাড়াতে টি-টোয়েন্টি চমৎকার প্ল্যাটফর্ম: মুশতাক ওয়ানডে সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ। মুশতাক বলেন, ‘জিতলে অনেক কিছু চোখ এড়িয়ে যায়। কিন্তু কোচ হিসেবে আমরা সব সময় উন্নতির জায়গা খুঁজি।’ আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। বেঞ্চ শক্তি বাড়াতে রোটেশন নীতিও চালু থাকবে বলে জানান তিনি।
Go to News Site