Collector
জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত | Collector
জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত
Somoy TV

জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আবারও কূটনৈতিক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এস্কাপ) ৮২তম অধিবেশনে টেকসই জৈব অর্থনীতি (বায়োইকোনমি) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে বাংলাদেশের নেতৃত্বে।শনিবার (২৫ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে উত্থাপিত এ প্রস্তাবটি সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। কূটনৈতিক মহলে এটিকে এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। রেজুলেশনটিতে টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং জৈব অর্থনীতি ভিত্তিক মূল্য শৃঙ্খল গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। আরও পড়ুন: আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বায়োইকোনমি শুধু একটি নতুন ধারণা নয়, এটি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ।’ বাংলাদেশের এ উদ্যোগে সহ-স্পন্সর হিসেবে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে—যা টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ঐক্যমতের প্রতিফলন। এ অধিবেশনে আরও ‘সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার’ বিষয়ে বাকু-ব্যাংকক ঘোষণা গৃহীত হয়েছে, যা আঞ্চলিক উন্নয়নে নতুন দিক উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

Go to News Site