Somoy TV
চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে আবারও দাপট দেখালেন কুমিল্লার বাঘা শরীফ। শক্তি আর কৌশলের রোমাঞ্চকর লড়াইয়ে একই এলাকার রাশেদ বলীকে হারিয়ে ১১৭তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। এ নিয়ে টানা তিনবার শিরোপা নিজের দখলে নিলেন এই বলী।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বাঁশ আর বালু দিয়ে তৈরি বিশেষ ৬ ফুট উঁচু মঞ্চে শুরু হয় চূড়ান্ত লড়াই। বাঘা শরীফ ও রাশেদ বলীর মধ্যে চলে ৩৫ মিনিটের এক ‘মরণপণ’ মল্লযুদ্ধ। কৌশলের মারপ্যাঁচে শেষ পর্যন্ত রাশেদকে কুপোকাত করেন বাঘা শরীফ। রেফারি বাঘা শরীফের হাত তুলে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।তবে খেলার পর পরাজিত রাশেদ বলী কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে এই ফলাফল মানতে রাজি হননি। যদিও দর্শকদের উন্মাদনা আর উৎসবের আমেজে সেই বিতর্ক বেশিক্ষণ টেকেনি।খেলা শেষে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ানসহ আমন্ত্রিত অতিথিরা। আয়োজক কমিটি জানায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই আয়োজনের ১১৭তম আসরে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯০ জনেরও বেশি বলী অংশ নিয়েছিলেন। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে পুরো লালদিঘী এলাকা যেন পরিণত হয়েছিল এক জনসমুদ্রে।আরও পড়ুন: গান-কথায় প্রখ্যাত বাউল সুনীল কর্মকারকে স্মরণব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে ১৯০৯ সালে বলীখেলার প্রচলন করেছিলেন ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর।বলী খেলাকে কেন্দ্র করে লালদিঘীর আশপাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে বিশাল বৈশাখী মেলা। মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ-বেতের খেলনা থেকে শুরু করে গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়েছেন কয়েকশ দোকানি। নগরবাসী যেমন বলী খেলা উপভোগ করতে এসেছেন, তেমনি ভিড় জমিয়েছেন মেলাতেও।
Go to News Site