Somoy TV
দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বর্ধিত ৫ দিন মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এদিকে, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে চলতি সপ্তাহে তামপত্রা সামান্য কমতে পারে। এর মধ্যে সোমবার (২৭ এপ্রিল) সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। আর দেশের সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
Go to News Site