Collector
অনুষ্ঠানস্থলে গুলির শব্দ, কেমন আছেন ট্রাম্প? | Collector
অনুষ্ঠানস্থলে গুলির শব্দ, কেমন আছেন ট্রাম্প?
Jagonews24

অনুষ্ঠানস্থলে গুলির শব্দ, কেমন আছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় ইউএস সিক্রেট সার্ভিস। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ আছেন। ট্রাম্প বলেন, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।’ তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি ‘স্ক্রিনিং এরিয়া’য় (তল্লাশির এলাকা)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন এবং সবাইকে নিচু হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা এলাকা ঘিরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি ফের আয়োজনের কথা জানিয়েছেন ট্রাম্প। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্র: আল-জাজিরাকেএএ/

Go to News Site