Somoy TV
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে কি এবার নারী ক্রিকেটারদের পদচারণা দেখা যাবে? দেশের ক্রিকেটে পরিবর্তনের যে হাওয়া বইছে, তাতে এবার জোরালো দাবি উঠেছে বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির। সাবেক জাতীয় অধিনায়ক রুমানা আহমেদ মনে করেন, এটি হবে দেশের নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ।শনিবার (২৫ এপ্রিল) ক্রিকবাজকে রুমানা জানান, বিসিবির বোর্ডে যদি নারী ক্রিকেটারদের মধ্য থেকে কেউ পরিচালক হিসেবে আসেন, তবে তা মাঠের ক্রিকেটের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচনের তোড়জোড় চলছে। এই প্রেক্ষাপটেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। রুমানা বলেন, ‘অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।’ আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ২ জন এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনীত ও ১ জন ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকে। এখন পর্যন্ত এই ২৫ জন পরিচালকের মধ্যে কোনো নারী ক্রিকেটারের জন্য নির্দিষ্ট কোটা বা পদ নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন যে, বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা বেশ জটিল। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন ছাড়া নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব। পুরুষ ক্রিকেটে সাবেক তারকা ক্রিকেটারদের বোর্ডে আসা বা গুরুত্বপূর্ণ পদে বসার রেওয়াজ থাকলেও নারী ক্রিকেটে তা এখনো অধরা। রুমানা বলেন, ‘ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।’ আরও পড়ুন: আইসিসির শাস্তি পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার অ্যাড-হক কমিটি বর্তমানে আইনি দলের পরামর্শের অপেক্ষায় রয়েছে। আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এবং গঠনতন্ত্রে কোনো বড় রদবদল আসবে কিনা, তার ওপরই নির্ভর করছে রুমানাদের এই স্বপ্ন পূরণ হবে কিনা। বিসিবির ইতিহাসে নারী পরিচালক আসার বিষয়টি হবে একটি ঐতিহাসিক ঘটনা, তবে সেই ইতিহাস গড়ার পথে বড় বাধা এখন সময়ের স্বল্পতা ও আইনি প্রক্রিয়া। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।
Go to News Site