Jagonews24
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতাররা হলেন- তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা লাঠিসোটা ও ইট-পাটকেল ফেলে বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আরও পড়ুনঅতি ভারী বর্ষণের আভাস, ময়মনসিংহ-সিলেটে জলাবদ্ধতা হতে পারে বৃষ্টির গ্রামের বাড়িতে শোকের ছায়া, মরদেহ ফেরত আনার দাবি বাবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তারা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/কেএসআর
Go to News Site