Somoy TV
বর্তমান সরকারের মন্ত্রীদের সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মন্ত্রীদেরও প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে।রোববার (২৬ এপ্রিল) সকালে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা এসব পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, ‘সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে।’ তিনি বলেন, ‘হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। মন্ত্রীদেরকেও প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে যাতে মানুষ বিপন্ন হতে না পারে। যাতে কোনো ধরনের মহামারি গ্রাস করতে না পারে।’ প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ ও যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি। তার এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেবে। ইশরাক হোসেনরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে দিবে না।’ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। দিনাজপুরে খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।’ আরও পড়ুন: জ্বালানি সংকটে গার্মেন্টস শিল্পে উৎপাদন ধস ঠেকাতে বিজিএমইএর নতুন উদ্যোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছে। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন।’ পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, বাংলাদেশও সেটা করবে জানিয়ে রিজভী বলেন, ‘সরকারের কাছে অনুরোধ করবো- রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানিমন্ত্রীকে এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয় সেটাও কমিয়ে দিন। যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। যাতে আর অন্য দেশের মুখ চেয়ে থাকতে না হয়।’
Go to News Site