Collector
ঝালকাঠিতে পুনরায় চালু হলো যমুনা অয়েলের ভাসমান বার্জ ডিপো | Collector
ঝালকাঠিতে পুনরায় চালু হলো যমুনা অয়েলের ভাসমান বার্জ ডিপো
Jagonews24

ঝালকাঠিতে পুনরায় চালু হলো যমুনা অয়েলের ভাসমান বার্জ ডিপো

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো পুনরায় উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ডিপোটির কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। ডিপো সূত্রে জানা গেছে, চালু হওয়ার প্রথম দিনেই ডিপোতে প্রায় সাড়ে তিন লাখ লিটার নতুন ডিজেল মজুত করা হয়েছে। এদিন ৬ জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে এই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। এর আগে মেরামতজনিত বিভিন্ন সমস্যার কারণে গত দুই বছর ধরে ঝালকাঠির এই ভাসমান বার্জ ডিপোটি বন্ধ ছিল। সমস্যার সমাধান শেষে পুনরায় কার্যক্রম চালু করায় স্থানীয় ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশনস) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ডিপোতে জ্বালানির কোনো ঘাটতি নেই। নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এসময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ডিপো সুপার মো. আবুল বাশারসহ সংশ্লিষ্টরা। ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় ১৯৯৩ সালে যমুনা অয়েল কোম্পানি এই ভাসমান বার্জ ডিপো স্থাপন করে। ডিপোটির ধারণক্ষমতা প্রায় ৪১৫ কিলোলিটার (৩৪৯ মেট্রিক টন), যা দক্ষিণাঞ্চলে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মো. আমিন হোসেন/কেএইচকে/জেআইএম

Go to News Site