Somoy TV
ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেও খেলেনি বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও বিসিবির সেই আবেদনে সাড়া দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশও আর বিশ্বকাপ খেলতে যায়নি। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়ার পর থেকে এটাই প্রথম, বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে যায়নি বাংলাদেশ।বাংলাদেশের মতো মাঝারি সারির দলের জন্য যেকোনো বিশ্বকাপে খেলা অনেক বড় বিষয়। একটি বৈশ্বিক আসর যেমন অর্থনৈতিকভাবে বোর্ডকে লাভবান করে, তেমনি ক্রিকেটারদের ক্যারিয়ারেও অনেক বড় প্রভাব রাখে এটি। সর্বশেষ বিশ্বকাপে না খেলাও বড় প্রভাব রেখেছে দলের ওপর। দলের কয়েকজন ক্রিকেটার মানসিকভাবে ‘কোমায়’ চলে গিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। যেহেতু একটি বিশ্বকাপকে ঘিরে কয়েক বছর ধরে প্রস্তুত হয় দল, সেহেতু এই ট্রমা থেকে বের হতে পুরো দলেরই অনেক বেগ পেতে হয়েছে। কিন্তু অবশেষে সেই দুঃখ থেকে দল ‘মুভ অন’ করেছে বলে মন্তব্য করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপ না খেলার হতাশা থেকে দল বেরিয়ে আসতে পেরেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে খেলোয়াড়রা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস হলো, যেহেতু আন্তর্জাতিক আসর, প্রত্যেকটা আসরই খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ওভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে মনোভাবটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’ আরও পড়ুন: দলকে ভারসাম্যপূর্ণ বলছেন লিটন, টেলএন্ডারদের ব্যাটিংয়ে ‘ভূমিকা’ রাখার পরামর্শ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল (২৭ এপ্রিল) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন জানান, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মূল লক্ষ্য ধরে এখন থেকেই প্রস্তুত হচ্ছে তার দল। লিটন দাস বলেন, ‘আমাদের মুল লক্ষ্যটা হল ২০২৮ বিশ্বকাপ। আমরা জানি সেটা এশিয়াতে না, সুতরাং ওইভাবে চিন্তাভাবনা করব। আর যেহেতু সর্বশেষ বিশ্বকাপের সময় আমাদের একটা ভালো ভন্ডিং ছিল এবং প্রস্তুতিটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলটাকে ভালো করে ধরে রাখা হয়।’ গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টিম টাইগার্স। লম্বা সময় পর সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে নেমে অবশ্য বাড়তি চাপ নিচ্ছে না দল। লিটন বলেন, ‘অনেকদিন পরে আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাটটা খেলছি। আমরা কোনো বাড়তি চাপ নিতে চাচ্ছি না। দুই একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে। এটা একটা সেটআপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরের যে নয়টা টি-টোয়েন্টি হবে, তিনটাই ভালো দলের সঙ্গে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা ইতিবাচক দিক যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে।’ আরও পড়ুন: বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান রুমানা আহমেদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। পরে তা বাড়িয়ে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। বোর্ডের সঙ্গে খুব বেশি আলোচনা না হলেও অধিনায়ক হিসেবে নিজের পরিকল্পনা জানিয়ে লিটন বলেন, ‘সত্যি কথা বলতে খুব একটা আলোচনা হয়নি (পরিকল্পনা নিয়ে)। তারা সিদ্ধান্ত নিয়েছে... তারা মনে করেছে আমি যোগ্য এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। টিম যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন অনেক সময় আছে, প্রস্তুতি ওইভাবেই থাকবে।’
Go to News Site