Jagonews24
টানা কয়েক দিনের তাপদাহে ইট-পাথরের যান্ত্রিক রাজধানীতে জনজীবন যখন প্রায় ওষ্ঠাগত ঠিক তখনই রোববার (২৫ এপ্রিল) বিকেলে দেখা মিললো এক পশলা বৃষ্টির। ধুলোবালি আর উত্তাপের এই শহরে যা এনে দিলো অনন্য প্রশান্তি। সূর্যের প্রখর তাপে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে বের হওয়াই যেন দায় হয়ে পড়েছিল। তবে আজকে বৈশাখের বিকেল হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও স্বস্তির বর্ষণ নগরবাসীর মুখে ফিরিয়ে দিয়েছে হাসি। বিশেষ করে হাতিরঝিল এলাকায় বৃষ্টির ছোঁয়ায় তৈরি হয় নান্দনিক আবহ। বৃষ্টিতে ভিজে জলাধারের পানি ও আশপাশের সবুজ প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সরেজমিনে দেখা গেছে, ঝিরিঝিরি বৃষ্টিতে পথচারীদের মধ্যে স্বস্তির ছাপ ছিল সবচেয়ে বেশি। হেঁটে ক্লান্ত হয়ে পড়া মানুষদের চোখে-মুখে ফিরে আসে প্রশান্তি। কেউ কেউ বৃষ্টিতে ভিজে তপ্ত শরীরের ক্লান্তি দূর করেছেন। হাতিরঝিল থেকে মধ্য বাড্ডার পথে দেখা যায়, রাস্তার দুই পাশের গাছগুলো ধুলো ঝেড়ে সতেজ হয়ে উঠেছে। বিশেষ করে রক্তিম কৃষ্ণচূড়া ফুল বৃষ্টিতে ভিজে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ভেজা পিচঢালা সড়কের পাশে লাল ফুলের সমারোহ মিলে তৈরি করে এক মায়াবী পরিবেশ। অনেক গাড়িচালককে জানালার কাঁচ নামিয়ে শীতল বাতাস উপভোগ করতে দেখা যায়। লেকের পারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা সোহান মিয়া বলেন, ‘গত তিন-চার দিন গরমের কারণে রাতে ঘুমাতে পারিনি। আজকের বৃষ্টির পর মনে হচ্ছে রাতে ঠান্ডা থাকবে, ঘুমও ভালো হবে।’ এমইউ/একিউএফ
Go to News Site