Somoy TV
চোট থেকে সেরে উঠেছেন তবু চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামছেন না মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে এখন নানা কানাঘুষা। তবে ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেন্নাইয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার ইচ্ছাকৃতভাবেই দলে ফিরতে দেরি করছেন, যাতে চলমান আসরে দলের কম্বিনেশন নষ্ট না হয়।ক্যাফ স্ট্রেইনে আক্রান্ত ধোনি চলতি মৌসুমে এখনো একটি ম্যাচও খেলেননি, যদিও গত সপ্তাহে তিনি নেটে অনুশীলন করেছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও তরুণ কোনো খেলোয়াড়ের জায়গা নিতে চান না এবং শেষ কয়েকটি ম্যাচে দলের ভারসাম্য নষ্ট করতে অনিচ্ছুক। যদিও চেন্নাইয়ের মিডল অর্ডার এই মৌসুমে ভালো করছে না, তবুও দলে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি ধোনির ওপর নির্ভর করছে।এদিকে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি স্পষ্ট করেছেন, ধোনি যখনই ফিরবেন, তিনি উইকেটকিপার হিসেবেই খেলবেন, শুধু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নয়।৪৪ বছর বয়সী ধোনি এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। গত ২৮ মার্চ প্রথমে দুই সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার কথা জানানো হলেও তার চোটের পুনরুদ্ধার প্রক্রিয়া এখনো চলছে। আরও পড়ুন: সূর্যবংশীর কি ভারত জাতীয় দলে অভিষেকের সময় হয়ে গেছে?এর আগে ধারণা করা হচ্ছিল, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ব্যবহার করে ধোনি শুধুমাত্র ব্যাটার হিসেবে ফিরতে পারেন, কারণ উইকেটকিপিংয়ের জন্য সাঞ্জু স্যামসন ও কার্তিক শর্মার মতো বিকল্প রয়েছে। তবে হাসি সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং জানিয়েছেন, ধোনি ফিরলে স্বাভাবিকভাবেই উইকেটের পেছনে থাকবেন।হাসি বলেন, ‘আমি নিশ্চিত, সে উইকেটের পেছনেই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ক্যাফ ইনজুরি। দৌড়ানো, বিশেষ করে ইনিংসের শেষদিকে এক-দুই রান নেওয়ার সময় চাপ পড়ে, তাই তাকে নিশ্চিত করতে হবে যে তার পা পুরোপুরি শক্তিশালী।’তিনি আরও বলেন, ‘স্কিলের দিক থেকে আমরা জানি সে কী করতে পারে। ব্যাটিংয়েও সে ভালো করছে। এখন শুধু দরকার পুরোপুরি ফিট হয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া।’ধোনির অনুপস্থিতি চেন্নাইয়ের ম্যাচগুলোতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে টসে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া পুরোটা ধন্যবাদ সেই কিংবদন্তিকে (ধোনি), যিনি দুর্ভাগ্যবশত এখানে নেই।’যদিও প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন, ম্যাচের আগের দিন নেটে উইকেটকিপিং করে ধোনি তার উন্নতির আভাস দিয়েছেন, যা ছিল এই মৌসুমে তার প্রথম এমন সেশন। তবুও তাকে এখনো একাদশে রাখা হয়নি এবং তিনি ইতোমধ্যে দলের অর্ধেক ম্যাচ মিস করেছেন।আরও পড়ুন: রাহুলের রেকর্ড ইনিংসের পরও দিল্লির হার, আইপিএলে রান তাড়ায় ইতিহাস গড়ল পাঞ্জাবধোনির অবস্থা নিয়ে হাসি বলেন, ‘সে ভালোভাবেই এগোচ্ছে এবং যত দ্রুত সম্ভব ফিরতে চেষ্টা করছে। ভক্তরাও তাকে মাঠে দেখতে চায়। আমরা আশা করছি, হয়তো আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই সে ফিরবে।’তিনি যোগ করেন, ‘তবে তাকে প্রায় ১০০ শতাংশ ফিট থাকতে হবে, যাতে সে নিজের সেরাটা দিতে পারে। নেটে সে ভালো ব্যাটিং করছে, দেখতে ভালো লাগছে। এখন শুধু উইকেটের মাঝে দ্রুত দৌড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া দরকার।’
Go to News Site