Collector
১৫ মে থেকে বাজারে মিলবে সাতক্ষীরার হিমসাগর | Collector
১৫ মে থেকে বাজারে মিলবে সাতক্ষীরার হিমসাগর
Jagonews24

১৫ মে থেকে বাজারে মিলবে সাতক্ষীরার হিমসাগর

সাতক্ষীরায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে হিমসাগর সংগ্রহ করা যাবে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ এবং আম চাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম পাড়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আম পরিপক্বতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস

Go to News Site