Somoy TV
বগুড়ার শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সাগর (৩২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গণপিটুনিতে ওই সন্ত্রাসীর দুই পা ভেঙে গেছে।রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শাবরুল হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।আহত সাগর শাবরুল বাগিচাপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সাগরের নামে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে।শাবরুল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা কনক বাবু জানান, সাগর ও তার সহযোগী জলিল একটি জোড়া খুনের মামলার আসামি। মাসখানেক আগে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তারা হিন্দুপাড়ার শতাধিক পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি শুরু করেন। তাদের ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করার সাহস পেতেন না। এমনকি গত এক বছরে পুলিশও ওই গ্রামে খোঁজখবর নিতে যায়নি বলে অভিযোগ করেন তিনি।ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, রোববার সকালে সাগর, জলিল ও আলমগীরসহ কয়েকজন গ্রামে ঢুকে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা জোর করে একজনের পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে হিন্দুপাড়ার বাসিন্দারা একজোট হয়ে তাদের ধাওয়া করেন। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও গ্রামবাসী সাগরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।আরও পড়ুন: মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রীশাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সাগর ও তাঁর সহযোগীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। আজ চাঁদাবাজির সময় গ্রামবাসী একত্রিত হয়ে সাগরকে ধরে পিটুনি দেয়। এতে তাঁর দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে।'তিনি আরও জানান, সাগর ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে সাগর পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
Go to News Site