Jagonews24
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বজ্রপাতে মো. আমিন শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শান্তিনিকেতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন শরীফ শান্তিনিকেতন দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মৃত লেদু হাজীর ছেলে। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিন শরীফ পেশায় বর্গাচাষী ছিলেন। রোববার বিকেলে বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান তিনি। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন। স্থানীয় লোকজন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য চন্দ্রঘোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসকেরা মৃত্যু নিশ্চিত করেন। আমিন শরীফের নাতি মো. হৃদয় বলেন, প্রতিদিনের মতো তার নানা কৃষিকাজে মাঠে গিয়েছিলেন। সেচ দিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমআরএএইচ/জেএইচ
Go to News Site