Somoy TV
ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে নিতে হয়েছিল কোমোর তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তির খবর দিয়েছে ক্লাবটি।স্টাদিও লুইজি ফেরারিসে রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে আহত পান ২১ বছর বয়সি পাজ। সংঘর্ষের পরই তিনি এক চোখে ঝাপসা দেখার কথা জানান। সঙ্গে সঙ্গে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে তাকে দ্রুত মাঠের বাইরে নিয়ে যায়।পরিস্থিতির গুরুত্ব বুঝে কোমোর কোচ সেস ফাব্রেগাস বিরতির সময় কোনো ঝুঁকি না নিয়ে পাজকে বদলি করেন। তার পরিবর্তে মাঠে নামেন ম্যাক্সেন্স কাকেরে। এরপর বিস্তারিত পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয় আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে।আরও পড়ুন: বাইব্যাক ক্লজে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন, 'নিকো এখন ভালো আছে। হাসপাতালে তার পরীক্ষা চলছে। সে ঠিকভাবে দেখতে পারছিল না, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। খেলোয়াড়দের সুস্থতাই সবার আগে।'পরে স্কাই স্পোর্ট ইতালিয়া জানায়, সব পরীক্ষার ফল স্বাভাবিক আসায় পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরেছেন।চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন নিকো পাজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩ গোল ও ৮ অ্যাসিস্ট করে নিজেকে সিরি আ’র অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
Go to News Site