Jagonews24
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন। রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটা নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিও উল্লেখ করেন আব্বাস আরাঘচি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি। টিটিএন
Go to News Site